করোনা সংক্রমণ পরিস্থিতির ঊর্ধ্বমুখী প্রবণতা রোধে নাটোর শহরে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে শহরের প্রবেশদ্বারের ৩টি স্থানে চেকপোস্ট স্থাপন করছে জেলা পুলিশ।
সোমবার (২২ মার্চ) সকাল ১১টা থেকে শহরের প্রবেশদ্বার হরিশপুর বাইপাস মোড়, দিঘাপতিয়া মোড় ও বনবেল ঘড়িয়া বাইপাস মোড়ে চেকপোস্ট স্থাপন করে জেলা পুলিশ।
শহরের প্রবেশরত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করে পুলিশ। যানবাহনের মাস্কবিহীন যাত্রীদের পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, করোনার ঊর্ধ্বমুখী রোধে মাস্ক ছাড়া শহরে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। পাশপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে। পুলিশের এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।