রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিলের স্যালো মেশিনের পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস। বিষয়টি জানার পর উৎসুক জনতাকে ওই বিলে ভিড় করতে দেখা গেছে।
রোববার সন্ধ্যায় দিকে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানার পর পুলিশ মাটি দিয়ে পাইপের গ্যাস বাহির হওয়ার মুখ বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কয়েক বছর আগেও উপজেলার ধোপাপাড়া বিলে পরিত্যক্ত একটি মেশিনের পাইপ দিয়ে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটে। সে সময়ও গ্যাস বের হওয়ার মুখ বন্ধ করে দেয়া হয়।
সরেজমিনে গিয়ে জানা গেছে, তিন বছর আগে পুঠিয়া অলস্কায়ার নার্সারির মালিক মফিজুল ইসলাম ডলা ওই বিলে নিজের জমিতে পানি সেচের জন্য স্যালো মেশিনের পাইপ পুঁতেন। এতে ওই এলাকার অন্যান্য জমির মালিকরাও এই পাইপ দিয়ে জমিতে সেচ নিয়ে থাকেন।
গন্ডোগোহালী এলাকার করম আলী ও কদম আলী সারাদিন পানি সেচের পর সন্ধ্যায় মেশিনে একটি বিকট শব্দ শুনেন। সঙ্গে সঙ্গে পাইপ দিয়ে পানি আশা বন্ধ হয়ে যায়। পরে তারা মেশিনটির কাছে এসে দেখতে পান পাইপের মধ্যে গুমগুম শব্দ হচ্ছে। তারা মেশিনটি বন্ধ করে পাইপের মুখের টিউবওয়েল খুলতেই গ্যাসের গন্ধ পান। তারা ম্যাচ দিয়ে পাইপের মুখের কাছে আগুন নেয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
পাইপের মুখের আগুনের শিখা প্রায় দুই থেকে দেড় ফিট উচ্চতায় উঠে জ্বলতে শুরু করে।
পুঠিয়ার ইউএনও নূরুল হাই মোহাম্মদ আনাছ জানান, রাজশাহী এলাকা অতি প্রাচীন একটি জনপদ। কালের বির্বতণের সঙ্গে সঙ্গে এলাকায় বসবাসরত মানুষ ও গাছপালা মটিতে মিশে গ্যাসের সৃষ্টি হতে পারে। এ এলাকায় গ্যাস আছে কিনা অনুসন্ধানের ব্যবস্থা করা হবে।