চট্টগ্রামে মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের সংগে সংঘর্ষে ৪ জন নিহত এবং বাইতুল মোকাররমে মিছিলে বাধার প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কর্মীরা।
শুক্রবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে মেয়র মো. হানিফ ফ্লাইওভারের নিচে অবস্থান নেন তাঁরা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এস আই তাপস। তিনি জানান, সন্ধ্যা ৬টা থেকে তাঁরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।
তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
এদিকে দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সংগে সংঘর্ষে দুই হেফাজতকর্মীসহ চারজন নিহত হয়েছেন। নিহমিরাজুল ইসলাম ও রবিউল ইসলাম হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার ছাত্র। বাকী দুইজন পথচারী। তবে তাদের নাম, পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তারা সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানা গেছে।
এছাড়া। আরও ৭-৮ জন হেফাজতকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন হেফাজত নেতারা।
এর আগে জুমআ’র নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভকারীদের সংগে পুলিশের সংঘর্ষ হয়। এসময় আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত হন অন্তত ২০ জন।
#সূত্র; বাংলাভিশন