করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (সার্জারি) ডা. এমএ হান্নানের মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।হাসপাতালের আইসিইউ এর ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল জানান, শুক্রবার রাত থেকে ডা. হান্নান লাইফ সাপোর্টে ছিলেন। শনিবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটের দিকে ডা. হান্নান মারা যান।
রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, গত বুধবার (২৪মার্চ) সারাদিনই ডা. হান্নান রোগী দেখেছেন। রাতে হঠাৎ করেই তার শ্বাসকষ্ট ও কাশি শুরু হয়। ওই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা করে দেখা যায়, তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরদিন তার নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে।
অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ডা. হান্নানকে ঢাকায় নেয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু তার শারীরিক অবস্থা জটিল হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে নেয়া সম্ভব হয়নি।