ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর গতিয়া ব্রিজে ডাকাতিকালে অস্ত্রসহ হাতেনাতে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ মার্চ) দিনগত রাত ৪টায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি দা, চাপাতি, রিভলবার ও ছিনতাইকৃত নগদ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. তাজল ইসলাম কুমিল্লা মুরাদনগর সদর ইউনিয়নের হিরাকান্দা গ্রামের ফিরোজ মেম্বারের বাড়ির মৃত ফুল মিয়ার ছেলে ও সাইফুল ইসলাম ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর কাজী বাড়ির আবদুল জব্বারের ছেলে।
পুলিশ জানায়, রোববার (২৮ মার্চ) রাত ৪টায় ফেনী বিলোনিয়া আঞ্চলিক মহাসড়কের আনন্দপুর গতিয়া ব্রিজের ওপর রাস্তায় কলাগাছ ফেলে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মালামাল ছিনিয়ে নিচ্ছিল ডাকাত দল। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ব্রিজ থেকে পানিতে ঝাপ দেয়। পরে সেখান থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, গ্রেপ্তারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে ৪টি মামলা ও তাজুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।