সিরাজগঞ্জ পৌর এলাকার চক-কোবদাসপাড়া ও দত্তবাড়ী মহল্লায় সিসি ব্লকের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত ও ৫টি বাড়ি ভাঙচুর করা হয়েছে।
রোববার (২৮ মার্চ) রাত থেকে সোমবার (২৯ মার্চ) দুপর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইউনাইটেড কনসোডিয়ামের মাধ্যমে হুন্দায় প্রজেক্ট (কাজীপুর নৌকা ঘাট) এলাকায় সিসি ব্লকের টাকা উত্তোলন করে আসছে বেলাল গংরা। এবার বেলাল গ্রুপকে বাদ দিয়ে হোসেন আলী কাউন্সিলর গ্রুপ টাকা উত্তোলন করে। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে কথাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর আলী জানান, কাজিপুর নৌকা ঘাটের হুন্ডায় প্রজেন্ট মাঠে সিসি ব্লক তৈরির ৯০ হাজার টাকা ভাগাভাগি নিয়ে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর হোসেন আলী ও আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রোববার (২৮ মার্চ) রাত ১১টা থেকে সোমবার দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
৭নং ওয়ার্ডের কাউন্সিলর হোসেন আলী জানান, সিসি ব্লক তৈরি ৯০ হাজার টাকা ভাগাভাগি নিয়ে বেলালের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে তার লোকজন আমাদের ওপর হামলা চালায়।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা বেল্লাল হোসেনকে বার বার ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
সিরজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্তিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান বাহাউদ্দিন ফারুকী।