নওগাঁর ধামইরহাটে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক ওই গৃহবধুর স্বামী।
মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার জয়পুরহাট-ধামইরহাট আঞ্চলিক মহাসড়কের টিএনটির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সারজিনা আখতার (৩৮) এর বাড়ি মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের চকগবিন্দ গ্রামে। তিনি দুর্ঘটনায় আহত মজিবুর রহমানের ছেলে মহিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, ধামইরাট থেকে ট্রাকটি জয়পুরহাটের দিকে যাচ্ছিল। এসময় স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে মহাদেবপুর থেকে বাড়ি যাবার পথে ঘটনাস্থলে ট্রাকটি তাদেরকে পিছন থেকে ধাক্কা দিলে ছিটকে পড়েন। এ ঘটনায় দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সারজিনার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর নিশ্চিৎ করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মোমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করা হয়। চালক ও তার সহযোগীসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।