নিজস্ব প্রতিনিধি; করোনাভাইরাসের সংক্রমণ রোধে শেরপুরের সকল পর্যটন কেন্দ্র, সিনেমা হল, বিয়ে, খেলাধুলা এবং সকল প্রকার সভা সমাবেশ বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আজ ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এই বন্ধ কার্যকর থাকবে জেলা জুড়ে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্র, নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক, তাড়ানি পানিহাতা, শ্রীবরদীর রাজার পাহাড়, ডিসি উদ্যান, অর্কিডসহ জেলার সকল পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।
বুধবার (৩১ মার্চ) রাতে জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে বন্ধ ঘোষণা সংক্রান্ত পোস্ট দেন।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ হতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে জনসাধারনকে সচেতন করতে বুধবার রাত থেকে মাইকিং করা হচ্ছে।
স্থানীয় সরকার উপপরিচালক (ডিডিএলজি) এ টি এম জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ টি এম জিয়াউল জানান, পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা ছাড়াও আরো অনেকগুলো ঘোষণা দেওয়া হবে। এ বিষয়ে শহরে মাইকিং করা হচ্ছে। বিষয়টি বহুল প্রচারে প্রেস ক্লাবকেও এসংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।