বৃষ্টির কারণে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে। দুপুর ১২টায় খেলা শুরু হবার কথা থাকলেও, এখনো হয়নি টস। অকল্যান্ডে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। কাভার দিয়ে ঢাকা রয়েছে উইকেট। খেলা মাঠে গড়ানো নিয়েই রয়েছে শঙ্কা।
এই ম্যাচ দিয়েই শেষ হবে টাইগারদের এবারের নিউজিল্যান্ড সফর। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে নিউইরা। শেষ টি টোয়েন্টিটা কেবলই আনুষ্ঠানিকতার।
নিয়ম রক্ষার ম্যাচে খেলা হচ্ছেনা মাহমুদুল্লাহ রিয়াদের। ইনজুরিতে পড়েছেন টাইগার অধিনায়ক। নেতৃত্ব দেবেন লিটন দাস। খেলবেন না সাইফউদ্দিনও। একাদশে পরিবর্তন হবে বেশ কয়েকটা। দীর্ঘদিন পর পাঁচ সিনিয়র ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ দল।
ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-২০ সিরিজও হাতছাড়া। এবার শর্টার ফরম্যাটে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ টাইগারদের।