করোনা মোকাবেলায় বাংলাদেশের সুনামই কাল হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন দশটি আইসিউ শয্যার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, হাসপাতালের বেডেরও শেষ আছে, তাই সজাগ হতে হবে নিজেদেরই।
জাহিদ মালেক বলেন, আমরা যতই হাসপাতালগুলোতে বেড বৃদ্ধি করি এতে কোভিড আক্রান্ত রোগী কমাতে পারবো না। আমাদের আক্রান্তের উৎপত্তিতে আরও সচেতন হতে হবে। কোভিড নিয়ন্ত্রণে সরকারের ১৮ নির্দেশনা মেনে চলতে হবে। মনে রাখতে হবে, মাস্ক ছাড়া আমাদের বেখেয়ালি চলাফেরা আগামীতে আরও বিপর্যয় নিয়ে আসবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত এক বছরের করোনা মোকাবিলায় আমাদের সফলতা রয়েছে। এ সময়ে চিকিৎসকেরা সেবা করতে গিয়ে নিজেরা পরিশ্রান্ত হয়ে পড়েছেন। নিজেরা পরিবারকে সময় দিতে পারেন না, আমরাও তাদের ছুটির ব্যবস্থা করতে পারিনি। যেহেতু এ মহামারি কমে যায়নি এরপরও আমাদের সেবা চালিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, সম্প্রতি করোনাভাইরাসের যে আক্রান্তের হার তা গত চার মাস অপেক্ষা বহুগুণে বেশি। আমরা প্রস্তুতি হিসেবে হাসপাতালে বেডের সংখ্যা বাড়াচ্ছি কিন্তু এটা সমাধান না। আমরা সব মিলিয়ে সাড়ে ৩ হাজার বেড বৃদ্ধি করলাম কিন্তু এর বিপরীতে দিনে ৫০০ জন করে রোগী এলো। এটাতে এক সপ্তাহে এসব বেড রোগীতে পূর্ণ হয়ে যাবে। এ থেকে বাঁচতে হলে আমাদের সচেতনতা জরুরি। মাস্ক ছাড়া সামাজিক, ধর্মীয়সহ সব অনুষ্ঠান কিংবা চলাফেরা বন্ধ করতে হবে।