করোনা সংক্রমণ রোধে প্রয়োজনে প্রথম দফার মতো সবকিছু নিয়ন্ত্রণ করা হবে। সংসদ অধিবেশনে বক্তব্যে এই কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ভ্যাকসিন নেয়ার পর অনেকেই অসচেতন হয়ে পড়ায়, ফের করোনার ঝুঁকি বাড়ছে। সবাইকে মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলার আহবান জানান তিনি। তাগিদ দেন আচার-অনুষ্ঠানে লোকসমাগম কমানোর।
সম্প্রতি মৃত্যবরণ করা সংসদ সদস্য, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিকের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয় সংসদ অধিবেশনে। এর ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিচারণ করেন তার সাবেক রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামসহ অন্যদের নিয়ে।
পরে, করোনার সচেতনতা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, ভ্যাকসিন নেয়ার ফলে অনেকেই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীন হয়েছেন।
বিয়ে, পর্যটনসহ সামাজিক আচার-অনুষ্ঠানে লোকসমাগম কমানোর তাগিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহবান জানান, মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার।
প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস ফের দ্রুত ছড়ানো শুরু করলেও, তা নিয়ন্ত্রণে সব ধরণের পদক্ষেপ নিচ্ছে সরকার।