মানিকগঞ্জের ঘিওরে ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রাম্য শালিসে এ ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগে দুই গ্রাম্য মাতব্বরকেও আসামি করা হয়েছে।
গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক(৩৫) ঘিওর উপজেলার গোলাপনগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। মাতব্বর দুইজন হলেন, মান্নান ও জাবেদ।
বৃহস্পতিবার (১লা এপ্রিল) এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, ঘটনার দিন বিকালে শিশুটি সমবয়সীদের সাথে খেলাধুলা করছিলো। এসময় টাকার লোভ দেখিয়ে ওই শিশুকে ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশি যুবক আবু বক্কর। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা ধামাচাপা দেয়ার জন্য গ্রাম্য শালিসের আয়োজন করে কয়েকজন। ধর্ষণের ঘটনা আপোষ অযোগ্য হলেও শালিসে ধর্ষককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পুলিশ বিষটি জানতে পেরে ভিকটিমকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করে।