দুই রাউন্ড শেষে স্থগিত হলো জাতীয় ক্রিকেট লিগ। করোনা সতর্কতায় এমন সিদ্ধান্ত বিসিবির। এদিকে দ্বিতীয় রাউন্ডের শেষ দিন খুলনাকে ৭ উইকেটে হারিয়েছে রংপুর। কক্সবাজারে সিলেট-ঢাকা ও চট্টগ্রাম ঢাকা মেট্রোর ম্যাচ ড্র হয়েছে।
দেশের ক্রীড়াঙ্গনে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রথম আঘাত জাতীয় লিগে। বহু প্রতিক্ষার পর ক্রিকেটারদের মুখে হাসি ফুটেছিল লঙ্গার ভার্সনের এই লিগ ঘিরে। তবে দু রাউন্ড না যেতেই এ হাসি কেড়ে নিলো করোনা। বৈশ্বিক মহামারি সতর্কতায় এবার স্থগিত হয়ে গেলো এনসিএল। এতে করে আরো এক দফায় শঙ্কার কালো মেঘ ভর করলো প্রিমিয়ার ক্রিকেট নিয়ে।
কোভিড নাইনটিনে জাতীয় লিগ স্থগিত হওয়ার দিনে জয় পেয়েছে রংপুর। শেষ দিনে স্বাগতিকদের জয়ের জন্য প্রয়োজন ছিলো ১০১ রান। হাতে ১০ উইকেট। তবে শুরুতে নবীন ইসলামের উইকেট হারায় দলটি। যদিও আরেক ওপেনার জাহিদ জাবেদ ৩৭ রান করে জয়ের ভিত গড়ে দেন। এরপর নাসির হোসেনের অপরাজিত ৪৮ রানে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় রংপুর।
তবে ড্র হয়েছে প্রথম টায়ারের সিলেট-ঢাকা ম্যাচ। কক্সবাজারে শেষ দিন ৬ উইকেটে ১৮৩ রান নিয়ে দ্বিতীয় ইনিংসে নিয়ে ব্যাট করতে নামে সিলেট। মাত্র ৩৬ রান যোগ করতেই হারায় বাকি ৪ উইকেট। সর্বোচ্চ ৮২ রান করেন আসাদুল্লাহ আল গালিব। ৩১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪৭ রানে দিন শেষ করে ঢাকা
দ্বিতীয় স্তরে কক্সবাজারের অন্য ম্যাচও ড্র হয়েছে। ঢাকা মেট্রোর বিপক্ষে ১ উকেটে ৪৩ রান নিয়ে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৩৪ রানে ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম। মেট্রোর লক্ষ্য ছিলো ৩৭০ রান। ব্যাটসম্যানদের আধিপত্যের ম্যাচে ২ উইকেটে ১৪৮ রানে তোলে ঢাকা মেট্রো।