করোনা ভাইরাস মহামারির মধ্যেই মেডিক্যাল কলেজের বিলম্বিত ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ১০টায় দেশের বিভিন্ন স্থানে ৫৫টি কেন্দ্রে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা শুরু হয়ে বেলা ১১টায় শেষ হয়।
এতে ১ লাখ ২২ হাজার ৭৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। ঢাকা মহানগরের ১৫টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষায় অংশ নেন ৪৭ হাজার পরীক্ষার্থী।
পরীক্ষা শুরুর আগে সামাজিক-শারীরিক দূরত্ব না মেনেই হাজারো অভিভাবক ও পরীক্ষার্থীরা কেন্দ্রের বাইরে অপেক্ষা করছিলেন। পরীক্ষা শুরু পরে একইভাবে অভিভাবকরা অবস্থান করছেন। তবে, কয়েকজন ছাড়া তারা সবাই মাস্ক পরেছেন।
করোনা ভাইরাস মহামারির কারণে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের পরীক্ষা গত বছর নেওয়া যায়নি। এ অবস্থায় সংক্রমণ কিছুটা কমলে গত ৮ ফেব্রুয়ারি সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি কার্যক্রমের সময়সূচি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
দেশের ৪৭টি সরকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। আর ৭০টি বেসরকারি মেডিক্যাল কলেজে আরও ৬ হাজার ৩৪০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।