মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত কমপক্ষে ৪৩ শিশু নিহত হয়েছে। এ ব্যাপারে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। দেশটিতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে জান্তা সরকার। এসবের প্রতিবাদে গেরিলা যুদ্ধের ডাক দিয়েছে দেশটির সাধারণ মানুষ।
জানা গেছে বৃহস্পতিবার (০১ এপ্রিল) মিয়ানমারে তারবিহীন ইন্টারনেট বন্ধ করার জন্য ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয় মিয়ানমারের সেনা সরকার। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শুক্রবার থেকে দেশটিতে শুধু ফাইবার লাইন চালু থাকবে। আর সব ধরনের ইন্টারনেট লাইন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষমতা গ্রহণের পর থেকে কয়েক দফায় দেশটিতে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ফাইবার লাইনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা খুবই নগণ্য।
এদিকে গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশটিতে গেরিলা আঘাতের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা। অভ্যুত্থানবিরোধী বিভিন্ন গোষ্ঠী এখন নিজেদের মধ্যে রেডিও তরঙ্গ, অফলাইন ইন্টারনেটের কায়দাকানুন ও মোবাইল বার্তার মাধ্যমে নিউজ এলার্ট সরবরাহকারীদের নাম্বার বিনিময় করে ইন্টারনেট ব্ল্যাকআউটকে পাশ কাটানোর চেষ্টা করছে বলে জানা যাচ্ছে।