ফরাসি লিগে নেইমারের লাল কার্ডের ম্যাচে ১-০ গোলে হেরেছে পিএসজি। আবারও শীর্ষে লিল।
নেইমারের লাল কার্ড দেখার দিনে ইতিবাচক ফল পায়নি তার দলও, হেরে গেছে শিরোপার দৌড়ে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিলের কাছে। একমাত্র গোলে পাওয়া জয়ে পিএসজিকে দুইয়ে নামিয়ে ফের শীর্ষস্থান দখল করেছে লিল।
অথচ ফরাসি লিগে পিএসজি-লিলের ম্যাচটি ছিল এগিয়ে যাওয়ার। ম্যাচের প্রায় ৭০ শতাংশ সময় বলের দখল রেখেছিল নিজেদের কাছে, অন্তত ১৬ বার উঠেছে জোরালো আক্রমণে। কিন্তু কাজের কাজ গোলটি আর পায়নি মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
এদিকে মাত্র তিনবারের চেষ্টায় জয়সূচক গোল আদায় করে নিয়েছে লিল। এমবাপে-নেইমারদের গোল মিসের মহড়ায় ম্যাচের ২০ মিনিটের সময় ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের জোরালো শটে দলকে জয়ের রাস্তায় তুলে দেন ২১ বছর বয়সী কানাডিয়ান ফরোয়ার্ড জোনাথন ডেভিড।
পার্ক দ্য প্রাসে স্বাগতিকদের ১-০ গোলে পরাজয় ছাপিয়ে আলোচনায় নেইমারের লাল কার্ড। ইনজুরি থেকের ফিরে এদিন প্রথমবার শুরুর একাদশে নেমেছিলেন ব্রাজিলিয়ান তারকা। শেষ মুহূর্তে মাঠ ছাড়তে হয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে, চলতি মৌসুমে দ্বিতীয়বার।
এ পরাজয়ের পর তিন পয়েন্ট ব্যবধানে ফিরে পেয়েছে টেবিলের শীর্ষে অবস্থান করছে লিল।