নিজ স্ত্রীকে হত্যা মামলায় সাড়ে ২৩ বছর পর জামিন পেলেন সাতক্ষীরার নুরুল ইসলাম। তার যাবজ্জীবন সাজার মেয়াদ শেষের দিকে হওয়ায় সকালে এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের আপিল বিভাগ।
এর আগে গত বৃহস্পতিবার নুরুল ইসলামের আইনজীবী আপিল বিভাগকে বলেন, এই আসামির যাবজ্জীবন সাজা খাটার মেয়াদ শেষের দিকে হলেও আপিল শুনানি শেষ হয়নি। যা শুনে বিস্মিত হন আপিল বিভাগ। দ্রুত এ আসামির কারাভোগের মেয়াদ জানাতে বলেন। আজ রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়, ২৩ বছর ৬ মাস সাজা খেটেছেন তিনি।
১৯৯৬ সালে সাতক্ষীরার কলারোয়ায় নিজ স্ত্রী জোহরাকে ভাড়া করা খুনি দিয়ে খুন করান নুরুল। এঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এই দম্পতির সন্তান ছোট থাকায় ২০০১ সালে নুরুলকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন দেন সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালত।