ঢাকা-নাবাবগঞ্জ সড়কের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার তুলশী খালী ব্রিজের ঢালে আজ রোববার সকালে ট্রাকের সঙ্গে সিএনজি স্কুটারের সংঘর্ষে চালকসহ তিনজন নিহত ও অপর তিনজন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সিএনজি স্কুটার চালক উজ্জ্বল মিয়া (৪৫) ও যাত্রী পাপ্পু হোসেন (৩৫) লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে এবং অপর নিহত যাত্রী অজ্ঞাত যুবকের (২৫) লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. কামরুজ্জামান জানান, ঢাকাগামী যাত্রীবাহী সিএনজি স্কুটারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে সিএনজি আটোচালক এবং আহতের হাসপাতালে নেওয়ার পথে আরো একজন যাত্রী পাপ্পু মারা যায় যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত আরও এক যাত্রী প্রাণ হারান। আহত অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। জানা গেছে, চালকসহ সাতজন ছিলেন স্কুটারটিতে। দুর্ঘটনায় বিকট শব্দে স্কুটারটি দুমড়েমুচড়ে যায়। স্কুটারের পেছনে তিনজন এবং চালকের দুই পাশে দুই ছাড়াও আরেক যাত্রী পেছনে ঝুলে ছিলেন। দুর্ঘটনার সময় ঝুলে থাকা যাত্রী লাফিয়ে পরে রক্ষা পান। এ ঘটনায় ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।
নিহত উজ্জ্বল মিয়া (৪৫) কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুরের মুগারচর গ্রামের ফকির চানের ছেলে এবং নিহত যাত্রী পাপ্পু হোসেন (৩৫) নবাবগঞ্জের সিমান্ত এলাকা শ্রীনগর উপজেলার শীবরামপুরের গ্রামের মহব্বত হোসেনের। সে পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।