পূর্ব লন্ডনে বাঙালি প্রধান টাওয়ার হ্যামলেটস বারায় বর্তমান মেয়র পদ্ধতির প্রশাসন ব্যবস্থার অবসান চাইছে সেখানকার বর্তমান রাজনৈতিক দলগুলো। বিবিস খবরে এ তথ্য জানা গেছে।
বিবিসির খবরে আরো বলা হয়েছে, এ নিয়ে আগামী ৬ মে লন্ডনে স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি, টাওয়ার হ্যামলেটসে মেয়র পদ্ধতি বহাল রাখা হবে কি-না, তা নিয়েও এক গণভোট হতে যাচ্ছে।
টাওয়ার হ্যামলেটসের লেবার, লিবারেল ডেমোক্র্যাটস, কনজারভেটিভ এবং গ্রিন পার্টির রাজনীতিকরা মেয়র পদ্ধতি বিলোপের পক্ষে একযোগে প্রচার চালাচ্ছেন। তারা গড়ে তুলেছেন ‘লিডিং টুগেদার’ ক্যাম্পেইন।
বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী এবং বারার বর্তমান মেয়র জন বিগস নিজেও এই প্রথা বিলোপের পক্ষে, যদিও এর পেছনেও রয়েছে স্থানীয় রাজনীতি। এরা চাইছেন, সরাসরি ভোটে মেয়র নির্বাচনের পদ্ধতি বিলোপ করে তার জায়গায় কাউন্সিলে ‘লিডার ও ক্যাবিনেট’ পদ্ধতি চালু করতে।