খুলনায় ঘুমন্ত শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। পরে তাকে আটক করে পুলিশ। সোমবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে তেরখাদা উপজেলার আড়কান্দী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তেরখাদার আড়কান্দী গ্রামের খাজা শেখ দেড় বছর আগে মুক্তা নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। কিন্তু তার পাঁচ বছরের মেয়ে তানিশাকে মেনে নিতে পারতেন না।
ধারণা করা হচ্ছে, এরই জেরে সোমবার রাতে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে সৎ মা।
স্থানীয় সূত্র জানায়, বিভিন্ন সময় তানিশা বাবার বাড়িতে এলে নির্যাতন করতো মুক্তা বেগম। সোমবার তানিশা বাবার বাড়িতে আসে। রাতে বাবা খাজা শেখ বাড়িতে ছিলেন না। তানিশা রাতে দাদির কাছে ঘুমায়। সেখান থেকে মুক্তা তাকে উঠিয়ে নিজের কাছে নিয়ে যায়। রাতে ঘুমন্ত তানিশাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় মুক্তা।
তানিশার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে রক্ত দেখে তেরখাদা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় মুক্তাকে হাতেনাতে আটক করে। জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্ত মাখা ধারালো দা। শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তানিশাকে মৃত ঘোষণা করেন।