পঞ্চগড়ে ইট ভাটায় কাদামাটি প্রস্তুতের সময় শুকুর আলী (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা দশটার দিকে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের এসএসবি নামে ইটভাটায় মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহত শুকুর আলীর বাড়ি ওই উপজেলার পাঁচপীর ইউনিয়নের হেলা আমতলা এলাকার বাগানিয়াপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে। ইট ভাটার ম্যানেজার মো রশিদুল ইসলাম জানান, প্রতিদিনের মত আজ সকালেও ইট ভাটায় মাটির ঢিবিতে ইট তৈরীর জন্য পানি দিয়ে মাটির মন্ড প্রস্তুতের কাজ করছিল শুকুর আলী নামে ওই শ্রমিক।
এসময় সে মাটির ঢিবিতে কোদাল দিয়ে কোপ দিলে একটি মাটির বড় খন্ড তার ঘাড়ে এসে পড়ে। এসময় সে মাটির খন্ডের আঘাতে মাটির মন্ড তৈরীর মেশিনে গিয়ে গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে ইট ভাটার শ্রমিকদের সহযোগীতায় তাকে উদ্ধার করে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানিয়া ইসলাম শুকুর আলীকে মৃত ঘোষণা করেন।
বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানিয়া ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। তার পুরো শরীর কাদা মাটিতে মাখানো ছিলো। সে মাথা,নাক ও মুখে গুরুতর আঘাত পাওয়ার কারণে নাক মুখ দিয়ে রক্ত ঝড়েছিলো। সে কারণে তার মৃত্যু হতে পারে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে নিহতের পরিবারের লোকজন এখনো কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহন করবো।