নদীপাড়ে মানুষের মাথার খুলি ও বস্তাবন্দি হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার বেইলি ব্রিজ এলাকায় ডাকাতিয়া নদীপাড় থেকে এগুলো উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সন্ধ্যার কিছুটা আগে একদল শিশু সেখানে খেলছিল। এসময় তাদের চোখে পড়ে গোলাকৃতির একটি বস্তু। কাছে গিয়ে দেখে মানুষের মাথার খুলি। শুধু তাই নয়, তার অদূরে দেখা মেলে একটি বস্তা। আর তার ভেতর ছিল হাড়গোড়।
শিশুর দল দৌড়ে গিয়ে ঘটনাটি জানায় পাশের সড়কের লোকজনকে। তারা থানায় সংবাদটি জানায়। সন্ধ্যার পর ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) বাহার মিয়া ঘটনাস্থলে পৌঁছান।
এ সময় তিনি নিশ্চিত হন, মাথার খুলি আর হাড়গোড় মানুষের।
বাহার মিয়া গণমাধ্যমকে জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কাউকে ঘটনাস্থলে এনে নির্মমভাবে হত্যা করেছে। অথবা অন্য কোথাও হত্যার পর বীভৎস লাশটি এখানে ফেলে রাখে। তবে ঘটনাটি বেশকিছু দিন আগের বলেও জানান তিনি। ফলে এখন কঙ্কাল ছাড়া অবশিষ্ট আর কিছুই নেই।
এদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় ঘটনাস্থলে পৌঁছে নৌ-পুলিশের একটি দল।
ঘটনাস্থল থেকে চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল হক জানান, মানুষের শরীরের যে অংশবিশেষ পাওয়া গেছে। তার সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।
একই সঙ্গে ময়নাতদন্ত সম্পন্ন এবং ডিএনএ পরীক্ষার পর এর পরিচয় পেতে সহায়তা করবে। এ ঘটনায় রাতেই ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।