হবিগঞ্জ সদর উপজেলার আউড়া গ্রামে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আব্দুল খালেক নামে এক স্কুলছাত্রীর বাবাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আব্দুল খালেক আউড়া গ্রামের মৃত রঙ্গ মিয়ার ছেলে।
শুক্রবার দুপুরে আউড়া গ্রামে খালেক মিয়ার নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আব্দুল খালেক বলেন, সরকারি চাকরির সুবাধে আমার জায়গা সম্পত্তি চাচাত ভাইয়েরা ভোগ দখল করতো। সম্প্রতি চাকরি থেকে অবসরে গিয়ে সব সম্পত্তি নিজের কাছে নিয়ে আসি। এরই জের ধরে ভাই অনু মিয়া জায়গা সম্পত্তি ভোগদখল করতে স্কুলপড়ুয়া মেয়েকে দিয়ে তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব পাঠায়। মেয়ের বিয়ের বয়স না হওয়ায় তা প্রত্যাখ্যান করি। এরই প্রেক্ষিতে অনু মিয়া, আব্দুল গণি, আব্দুল মন্নান, আব্দুস সালামসহ তাদের লোকজন আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, বিষয়টি জানতে পেরেছি। আহত আব্দুল খালেককে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।