ইনজুরি পাশ কাটিয়ে মাহমুদউল্লাহর ক্যারিয়ার লম্বা করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে বিসিবি। তবে কখন খেলতে পারবেন, কখন পারবেননা বা কতটুকু কাজের চাপ নিতে পারবেন সে সিদ্ধান্ত নিতে হবে মাহমুদউল্লাকেই। জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এদিকে ইনজুরি থেকে সেরে উঠতে কমপক্ষে ২ সপ্তাহ লাগবে মোসাদ্দেক হোসেনের।
ভোগাচ্ছে পিঠের ইনজুরি। হঠাৎ হঠাৎ বেড়ে যায় ব্যাথা। চিন্তায় পড়ে বিসিবি। তাই হিসাব কষে এগুতো হচ্ছে। নিউজিল্যান্ডেও শেষ টি-টোয়েন্টিতে ঝুঁকি নেয়নি বোর্ড। ফিজিওর পরামর্শে লঙ্কা সফরের দলেও রাখা হয়নি মাহমুদউল্লাহকে।
ব্যথা নিয়েই হয়তো খেলতে পারতেন। কিন্তু বিসিবির চিন্তা দীর্ঘমেয়াদী। বিশ্বকাপ আছে, সামনে বড় বড় অ্যাসাইনমেন্ট। মাহমুদউল্লাহর ক্যারিয়ারটা লম্বা করতে সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত ক্রিকেট বোর্ড। তবে নিজের ক্যারিয়ার নিয়ে তাকেই সিদ্ধান্ত নেয়ার পরামর্শ বিসিবি চিকিৎসকের।
রাসেল ডমিঙ্গোর টেস্ট ভাবনায় মাহমুদউল্লাহ না থাকলেও বিসিবি তাতে একমত নয়। পুরোপুরি ফিট থাকলে লঙ্কা সফরেও তাকে দেখা যেতো। বয়স, ফিটনেস বিবেচনায় তাহলে তিন ফরম্যাটে খেলানোর চিন্তা কতটকু বাস্তবসম্মত। সে প্রশ্নেরও উত্তর দিলেন বিসিবি চিকিৎসক।
এদিকে পায়ের ইনজুরিতে ভুগছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। সেরে উঠতে লাগবে অন্তত দুই সপ্তাহ।
আশার কথা, মুশফিক এখন পুরোপুরি ফিট। শ্রীলঙ্কা সফরের দলে কোনো ইনজুরি শঙ্কা নেই বলেও জানিয়েছেন দেবাশীষ চৌধুরী।