কিশোরগঞ্জের তাড়াইলে রিফাত (১২) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চর তালজাঙ্গা এলাকায় পাটক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। রিফাত ওই এলাকার কাঠমিস্ত্রি দুলাল মিয়ার ছেলে। শুক্রবার রাতে তারাবির নামাজের পর তালজাঙ্গা বাজারে বাবার দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।
পুলিশ জানায়, রাতে দুলাল মিয়া ছেলে রিফাতকে অনেক খোঁজাখুজি করেও পাননি। পরে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে একটি পাটক্ষেতে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, শিশুটিকে গলাকাটা অবস্থায় পাওয়া যায়। তাছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে অনেকগুলো ছুরির আঘাত রয়েছে।
পুলিশের ধারণা, পারিবারিক বিরোধের জের ধরে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে পুলিশ জানিয়েছে, কাঠমিস্ত্রি দুলাল দুই বিয়ে করেন। তার বড় স্ত্রী থাকেন শেরপুরে। ছোট স্ত্রী থাকেন তালজাঙ্গায়। রিফাত বড় স্ত্রীর ছেলে। রিফাত বাবার সঙ্গে থাকত।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, এ নৃশংস ঘটনায় পুলিশ সৎমা, ভাই, খালাসহ আরও কয়েকজনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে রিফাতের বাবা বাদী হয়ে থানায় মামলা করছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।