লিওনেল মেসির জোড়া গোলে কোপা দেল রে শিরোপা জিতলো বার্সেলোনা। দায়িত্ব নেয়ার পর শিষ্যদের সাথে প্রথমবার শিরোপা উৎসব করলেন রোনাল্ড কোম্যান। অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে হারিয়েছে কাতালান জায়ান্টরা। নিজেদের রেকর্ড আরও সমৃদ্ধ করে এখন টুর্নামেন্ট সর্বোচ্চ ৩১ শিরোপা বার্সেলোনার।
বিরতিটা বড় হতে দিলেন না মেসি-গ্রিয়েজম্যানরা। অন্তত বার্সেলোনার সাথে তো বেমানান। কোপা দেল রে জিতে মৌসুমের প্রথম শিরোজা ঘরে তুলল কাতালান জায়ান্টরা।
সেভিয়ায় ফাইনালের শুরু থেকে আগ্রাসী ছিলেন মেসি-গ্রিয়েজম্যানরা। ৫ মিনিটে এগিয়েও যেতে পারত বার্সেলোনা। ফ্র্যাঙ্কি ডি অংয়ের শট ফেরে বারে লেগে।
আক্রমণ-পাল্টা আক্রমণে প্রথমার্ধ শেষ হলেও সাফল্যের দেখা পায়নি কোনো দল। প্রথমার্ধে লড়াই হলো সমানে সমান, কোনো দলই পেল না প্রতিপক্ষের জালের ঠিকানা। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট পর কাঙিক্ষত গোলে বার্সেলোনা শিবিরে উৎসবের শুরু। ম্যাচ যা জমেছে ৬০ মিনিট থেকে পরবর্তী ১২ মিনিট। এই সময়ের মধ্যে হয়েছে ৪ গোল।
ডি অংয়ের অ্যাসিস্টে গ্রিয়েজম্যান শুরু করেন গোল উৎসব। তিন মিনিটের মধ্যে ডি অং নিজেই স্কোরশিটে নাম তোলেন। ৬৮ আর ৭২ মিনিটে মেসি ঝলক। কোপা দেল রের শিরোপা জয়ে বার্সেলোনার রেকর্ড নতুন লেখার রাতে জোড়া গোল আর্জেন্টাইন সুপারস্টারের। ক্লাবের ৩১ শিরোপার ছয়টিতে সঙ্গী এলএমটেন।
২০১৮-১৯ মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সুপার কোপাও জিতেছিল বার্সা। পরের মৌসুম হতাশার। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় আর সুপার কোপায় রানার্সআপ হওয়ার পর এবার যে দুই সুযোগ ছিল, তার একটি ভালোভাবেই কাজে লাগালো বার্সেলোনা। জমে ওঠা লিগ রেসে আবার নামার আগে শিষ্যদের সাথে প্রথম শিরোপা উৎসবটা সেরে নিলেন রোনাল্ড কোম্যান।