ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের সময় শহরজুড়ে ব্যাপক ভাংচুর ও অগ্নিকাণ্ডের মামলায় আরো ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সবাই হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে তাণ্ডবের ঘটনায় মোট ২৯৮ জন গ্রেপ্তার হয়েছে।
এদিকে তাণ্ডবের ঘটনায় বিভিন্ন থানায় ৫৬টি মামলা করা হয়েছে। আসামি প্রায় ৩৫ হাজার। আসামিদের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত ২৬ থেকে ২৮শে মার্চ পর্যন্ত জেলাজুড়ে হেফাজতের কর্মী-সমর্থকরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।