ইতালিয়ান সিরিআয় হোঁচট খেলো য়্যুভেন্তাস। এবার আটালান্টার কাছে ১-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এ জয়ে য়্যুভেন্তাসকে টপকে টেবিলের তিনে উঠে এলো আটালান্টা।
চলতি মৌসুমে য়্যুভেন্তাসের লিগ শিরোপা ধরে রাখার সম্ভাবনা তেমন একটা নেই বললেই চলে। যদিও বর্তমান চ্যাম্পিয়নদের লড়াইটা টেবিলের চারে থেকে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেয়া। সেই লক্ষ্যে আটালান্টার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত হারের তেঁতো স্বাদ পেলো য়্যুভেন্তাস। এ হারে টেবিলের চারে নেমে গেলো তুরিনের ওল্ড লেডিরা।
আটালান্টার মাঠে আতিথ্য নেয় য়্যুভেন্তাস। ইনজুরির কারণে এ ম্যাচে ছিলেন না পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তাদের শুরুর ফরমেশনটা ছিল ৪-৪-২। বলের দখল নিয়ে দাপট দেখায় আন্দ্রে পিরলোর শিষ্যরা। তবে ১৪ মিনিটে সুযোগ পেয়েও গোল করতে পারেননি হুয়ান কুয়াদরাদো।
বিপরীতে আটালান্টাও বেশকটি সুযোগ হাতছাড়া করে। সবমিলিয়ে প্রথমার্ধে অন টার্গেটে ১০টি শট নিয়েও জালের ঠিকানা খুঁজে পায়নি দিবালা-মোরাতারা। ঠিক তেমনি স্বাগতিকদের ৮টি শটের একটিও লক্ষ্যে ছিলো না।
বিরতির পর কাঙ্খিত গোল পেতে মরিয়া হয়ে ওঠে দু’দল। ৫৯ মিনিটে আটালান্টার ফরোয়ার্ড লুইসের শট লক্ষ্যভ্রষ্ট হয়। চার মিনিট পর দিবালার ফ্রি-কিক উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।
ম্যাচের শেষ দিকে য়্যুভেন্তাসের রক্ষণ ব্যস্ত রাখে আটালান্টা। অবশেষে ৮৭ মিনিটে ডেডলক ভাঙ্গে স্বাগতিকরা। মালিনোভস্কির গোলে লিড নেয় আটালান্টা। শেষ পর্যন্ত আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে গেসপেরিনির দল।