নওগাঁর রাণীনগর উপজেলায় আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার মেরিয়া গ্রামের পাকা রাস্তার পূর্ব দিকে একটি পুকুরে ভাসমান মাছ বহনের প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, সকালে উপজেলার মেরিয়া গ্রামের পাকা রাস্তার পূর্ব দিকে একটি পুকুরের মধ্যে ভাসমান প্লাস্টিকের মাছ বহনের ড্রামের মধ্যে মানুষের দুইটি পা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর সেখান থেকে দুপুর নাগাদ ড্রামের ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রায় ৩০ বছর বয়সী এই লাশের মাথাসহ শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া কোমড়ে রশি বাঁধা ছিল। লাশ উদ্ধার করে ময়ন তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। হয়তো অন্য কোথাও তাকে হত্যা করে ড্রামে ভরে এখানে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রথমিকভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।