প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গ ও কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মাহাবুব হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ এপ্রিল) বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগ ওই যুবককে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। আটক মাহাবুব চরমোনাই ইউনিয়নের ইছাগুরা গ্রামের মালেক ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল মাহাবুব তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর ব্যঙ্গ ছবি আপলোড দেয় এবং তাতে অশ্লীল ক্যাপশন দেয়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। ওই ঘটনায় শুক্রবার জুমার নামাজ শেষে চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার, মেম্বর মনোয়ার হোসেন জুয়েল ও ছাত্রলীগের নেতাকর্মীরা মাহাবুবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মাহাবুবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম। তিনি জানান, মাহাবুবকে শনিবার (২৪ এপ্রিল) আদালতে প্রেরণ করা হবে।