সিরাজগঞ্জের কাজিপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক কলেজছাত্রী। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শুক্রবার সকাল থেকে উপজেলার কাজিপুর সদর ইউনিয়নের সিংড়াবাড়ি গ্রামে প্রেমিকের বাড়িতে রয়েছেন ভুক্তভোগী কলেজছাত্রী। প্রেমিক মারুফ হাসান একই গ্রামের শিক্ষক লুৎফর রহমানের ছেলে।
জানা গেছে, দীর্ঘ পাঁচ বছর ধরে মারুফের সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেম চলছিল। বিয়ের আশ্বাসে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। গত ১২ এপ্রিল গভীর রাতে প্রেমিকার বাড়িতে অনৈতিক কাজের জন্য যান মারুফ।
বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাকে আটকে রেখে বাবা লুৎফর রহমানকে খবর দেন। এ ঘটনায় দুজনের বিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ছেলেকে ছাড়িয়ে নেন বাবা। কিন্তু এরপর থেকে টালবাহানা শুরু করে ছেলে পক্ষ। প্রতিশ্রুতি না রাখায় শুক্রবার সকাল থেকে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন ভুক্তভোগী কলেজছাত্রী।
ভুক্তভোগী ছাত্রী বলেন, পাঁচ বছর হলো আমাদের প্রেম। মারুফ আমাকে বিয়ের আশ্বাসে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। এখন বলছে বিয়ে করবে না। বিয়ে না করা পর্যন্ত আমার অনশন চলতেই থাকবে। তাকে ছাড়া কাউকে বিয়ে করবো না।
মারুফের বাবা লুৎফর রহমান বলেন, ছেলে বিয়েতে রাজি নয়। প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল রয়েছি বলেই নিরাপত্তার স্বার্থে কাজিপুর থানায় মৌখিকভাবে জানিয়েছি।
কাজিপুর থানার ওসি পিএন সরকার বলেন, মেয়ের লোকজন থানায় এসেছে। মামলা হলে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।