সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বোনের বাসায় দুর্বৃত্তরা ককটেল হামলা চালিয়েছে। ঘটনাস্থল থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মন্ত্রীর ভাগিনা হুমায়ুন রশিদ মিরাজ জানান, রাত ১২টায় বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কেজি স্কুল সংলগ্ন বাসায় এ হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা ৪-৫টি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় সেতুমন্ত্রীর ভাগিনা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুর রশিদ মঞ্জু হামলার সময় মঞ্জু বাসার বাইরে অবস্থান করছিলেন। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর তার বাসভবন থেকে ককটেলের আওয়াজ শুনতে পান বলে নিশ্চিত করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ককটেল হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি।
উল্লেখ্য, গত ১৬ই এপ্রিল রাতে ওবায়দুল কাদেরের নিজ বাড়ির দরজায় ২টি ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। পুলিশ ঘটনাস্থল থেকে আরো ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করে।