নাশকতার মামলায় হেফাজত নেতা মামুনুল হক, জুনায়েদ আল হাবিব ও জালালুদ্দীন কাশেমীর বিরুদ্ধে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।
২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মতিঝিল থানার মামলা ও চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেফতার দেখিয়ে দশ দিন করে মোট বিশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
শুনানি শেষে পল্টন থানার মামলায় চার দিন ও মতিঝিল থানার মামলায় তিন দিন করে মোট সাতদিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে সোমবার সকালে চুরি ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় হেফাজতের নেতা মামুনুল হককে।
গত ১৮ এপ্রিল দুপুর সাড়ে ১২টার পর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।
এদিকে ২৫ এপ্রিল বিকেলে পল্টন থানায় আবাব আহমেদ রজবী ও মো. রুমান শেখ নামে দুই ব্যক্তি দুটি মামলা দায়ের করেন। গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর কেন্দ্র করে বায়তুল মোকাররমের সামনে আন্দোলনের নামে হেফাজতে ইসলামের লোকজন তাদের দুজনের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তারা আন্দোলনের নির্দেশদাতা হিসেবে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে মামলা দুটি করেছেন।
এছাড়া ৬ এপ্রিল পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মামুনুল হককে প্রধান করে ৮৩ জনের নাম উল্লেখ এবং ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে তিনটি মামলা করা হয়েছে।