‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ পদক চালু করেছে সরকার। মোট ৫টি ক্যাটাগরিতে প্রতিবছর পাঁচজন বাংলাদেশী নারী এই পদকে ভূষিত হবেন।
রাজনীতি-অর্থনীতি-শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া, সমাজসেবা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, গবেষণা- কৃষি ও পল্লিউন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য এ বছর থেকে এই পদক প্রদান করা হবে।
এ লক্ষ্যে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ পদক নীতিমালা ২০২১ প্রণয়ন করা হয়েছে। প্রতিবছর ৮ই আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘ক’ শ্রেণীর জাতীয় দিবস অনুষ্ঠানে চুড়ান্তভাবে মনোনীত ব্যক্তিদের এ পদক প্রদান করা হবে।
পদকপ্রাপ্তদের মনোনয়ন প্রক্রিয়ায় রয়েছে নয় সদস্য বিশিষ্ট প্রার্থী বাছাই কমিটি। কমিটির আহবায়ক আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী।