কোস্টগার্ড বাহারছড়া স্টেশান বড় ডেইলপাড়া ঘাট এলাকায় সমুদ্রে অচল বোটে ভাসমান অবস্থায় ৩০ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে। এদেরমধ্য ২০ জন মহিলা, ৫ জন পুরুষ, ৫ জন শিশু রয়েছে।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার আমিরুল হক জানান, উদ্ধারকৃত রোহিঙ্গারা গত ২৩শে এপ্রিল বাহারছড়া মেরিন ড্রাইভ এলাকার বড়ডেল ঘাট থেকে একটি নৌকায় করে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়।
২৫শে এপ্রিল রাতে সমুদ্রে অবস্থানকালীন সময় তারা ডাকাতদের কবলে পড়ে। ডাকাতদল তাদের মুল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং নৌকার ইঞ্জিনটি বিকল করে দেয়। এরপর নৌকাটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। উক্ত খবরের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশান বাহারছড়ার উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং রোহিঙ্গাদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত রোহিঙ্গারা জানান দালালের মাধ্যমে তারা মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা হয়েছিল। তবে প্রকৃত দালালের নাম তারা কেউ বলতে পারেনি।