রাজশাহীর তানোরে প্রকাশ সিং (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত প্রকাশ চৈরখর গ্রামের নির্মল সিং এর পুত্র এবং রাজশাহীর নবরুপ মিষ্টান্ন ভান্ডারের কর্মচারি ছিলেন। তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
তানোর থানার ওসি রাকিবুল হাসান জানান, বুধবার সন্ধ্যায় প্রকাশ বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়ি ফেরেনি। সকাল ৯ টার দিকে পাশের গ্রামের কাঁচা রাস্তার উপরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করে। মরদেহটির সারা শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে, তাকে কারা, কেন হত্যা করেছে তা জানা যায়নি। পুলিশ তদন্ত করছে খুনীদের বের করার জন্য।
ওসি আরো জানান, এঘটনায় থানায় হত্যা মামলা হবে। মরদেহ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।