বাগেরহাটের শরণখোলায় নির্মাণাধীন বেড়িবাঁধের ইয়ার্ড থেকে সবুজ হোসেন মৃধা (৩০) নামের এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের চালডাঙ্গা গ্রামের নির্মাণাধীণ বেড়িবাঁধের (উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প-সিইআইপি) ইয়ার্ড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সবুজ হোসেন মৃধা শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের নওয়াব মৃধার ছেলে। তিনি চায়না প্রজেক্টের ট্রাক চালাতেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সবুজের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় পা মাটির মধ্যে ঢোকানো ছিল। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত ছিল। সবুজের মৃত্যু দুর্ঘটনা না হত্যা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।