মাদারীপুরে ত্রিভুজ প্রেমের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশত ঘরবাড়ি ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।
বুধবার রাতে মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকদী এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- পৌরসভার থানতলী এলাকার রব মৃধার ছেলে সোহাগ মৃধা, সাঈদ মোল্লার ছেলে শাকিল মোল্লা, ফারুক আহম্মেদের ছেলে আব্দুলাহ আহম্মেদ, এনায়েত শেখের ছেলে রাজীব শেখ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি পাকদী এলাকার আরিফ খলিফা ও শহিদ খলিফার সঙ্গে একই এলাকার রূপালি আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে হয়। সপ্তাহখানেক আগে বিষয়টি জানাজানি হলে রূপালিকে নিয়ে আরিফ ও শহিদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে বুধবার রাত ৯টার দিকে আরিফ ও শহিদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ছয়জন আহত ও অর্ধশতাধিক দোকানপাট-ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা জানান, সংঘর্ষের ঘটনায় ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত সোহাগ মৃধা, শাকিল মোল্লা, আব্দুলাহ আহম্মেদ, রাজীব শেখ নামে চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।