রাজশাহীর বাঘায় জল মোটর (পানির পাম্প) চুরির অভিযোগে তিন যুবককে গাছে বেঁধে নির্যাতনে দায়ের করা মামলার দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মোহদীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, ২৪ এপ্রিল উপজেলার জোতনশী এলাকায় জল মোটর (পানির পাম্প) চুরির সন্দেহে তিনজনকে গাছে বেঁধে নির্যাতন করা হয়।
এ ঘটনায় উভয়পক্ষ থানায় আলাদা দুটি মামলা দায়ের করেন। জল মোটরের মালিক আয়ুব আলী ও চোর সন্দেহের নির্যাতনের শিকার শহিদুল ইসলাম বাদী হয়ে আলাদা দুটি মামলা দায়ের করা হয়। এই মামলার আসামি নির্যাতনকারী মোখলেসুর রহমান এবং নির্যাতনের শিকার শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুইজনকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর গ্রামের আজিজুল হকের ছেলে আযুব আলীর বাড়ির আঙিনায় জল মটার বসানো ছিল। এই জল মটারটি চুরির অভিযোগে বারশতদিয়াড় গ্রামের টুলু হোসেনের ছেলে দুলু হোসেন, হেলালপুর গ্রামের সারাত আলীর ছেলে মাইদুল ইসলাম, মহদিপুর গ্রামের জান মোহাম্মদের ছেলে সাইদুল ইসলামকে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বারী বলেন, এ ঘটনায় প্রথমে চুরির অভিযোগে আয়ুব আলী ও পরে নির্যাতনের অভিযোগ এনে শহিদুল ইসলাম মামলা করেন। দুটি মামলা গ্রহণ করে আসামিদের গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।