মুন্সীগঞ্জে নিখোঁজের ২ দিন পর আবু রায়হান (১৫) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার মান্দ্রা গ্রামের একটি নতুন কাঁটা পুকুর হতে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত আবু রায়হান মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলাগাঁও এলাকার নজরুল ইসলামের ছেলে। উদ্ধারকৃত মরদেহের গলায় একটি বটি বিদ্ধ ছিলো। এর আগে গত ২৯ এপ্রিল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রায়হান নিখোঁজ ছিলো বলে পরিবারের বরাতে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মান্দ্রা গ্রামের ঈদগাঁহের পাশে খনন কাজ চলা পুকুরের পারে মৃতদেহটি দেখ পায় স্থানীয় একজন। পরে পুলিশ খবর দিলে টঙ্গিবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা পুলিশের এসআই টুটুল জানান, স্থানীদের দেওয়া খবরে গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে অন্য কোথাও খুন করে তাকে এখানে ফেলে যেতে পারে দুর্বৃত্তরা। অথবা এখানে এনে এই যুবককে খুন করা হতে পারে। রাতে বৃষ্টি হওয়ায় রক্ত সব ধুয়ে গেছে তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না খুনটা কোথায় করা হয়েছিলো। তবে মরদেহের গালায় একটি বটি বিদ্ধ অবস্থায় পাওয়া গেছে।
টঙ্গিবাড়ী থানার ওসি হারুন অর রশিদ জানান, মরদেহ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে আছে। মরদেহ এনে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। গত ২ দিন যাবত নিখোঁজ ছিলো ওই অটোরিকশাচালক।