গোসল করতে নেমে নদীর স্রোতের পানিতে ভেসে যাচ্ছিল নাতি। আর তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন বৃদ্ধা নানি। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। এই দুইজনের নির্মম সলীল সমাধি হলো।
চাঁদপুর সদরের দুর্গমচর রাজরাজেশ্বর ইউনিয়নের শিলাচর। শনিবার (০১ মে) দুপুরে এই এলাকার মেঘনা নদীতে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী জানান, শিলাচরের বারেক প্রধানিয়ার স্ত্রী মমতাজ বেগম (৬৮) তার নাতি সাফিনকে (৭) নিয়ে নদীপাড়ে যান গোসল করতে।
এ সময় নানির চোখের সামনে নদীর স্রোতের পানিতে ভেসে যাচ্ছিল নাতি। আর তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন নানি। ততোক্ষণে দু’জনেই অনেক দূরে ভেসে যান। এক পর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের দু’জনকে উদ্ধার করেন। তবে জীবিত নয়, মৃত।
খোঁজ নিয়ে জানা গেছে, শিলাচরের বারেক প্রধানিয়া ৮ বছর আগে তার মেয়ে মরিয়ম বেগমকে নারায়ণগঞ্জের জাহিদ হোসেনের সঙ্গে বিয়ে দেন। গত বছর করোনায় আক্রান্ত হয়ে মরিয়ম বেগমের স্বামী জাহিদ হোসেন মারা যান। তারপর একমাত্র ছেলে সাফিনকে নিয়ে বাবার বাড়িতে উঠেন মরিয়ম বেগম।
এদিকে নানি ও নাতির একসঙ্গে মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। অন্যদিকে শনিবার বিকেলে নানি ও নাতির একসঙ্গে জানাজা শেষে শিলাচরে তাদের দাফন করা হয়।