কুষ্টিয়া শহরের জেলখানা মোড়ের এরশাদ নগরে সরকারি আশ্রায়ন প্রকল্পে মেয়েকে নিয়ে বসবাস করেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। লালনগীতি, লোকসঙ্গীত এবং বাউল গানের এই গুণী শিল্পী দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছেন। আর্থিক সঙ্কটে নিজ বাড়িতে চরম দুরাবস্থায় দিন কাটাচ্ছেন। এমন খবর জানার পর তার পাশে দাঁড়ালেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়।
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক জানান, কিছুদিন আগে কাঙ্গালিনী সুফিয়ার দুরাবস্থা নিয়ে আরেক বাউল শিল্পী নেত্রকোনার কুদ্দুস বয়াতী সমাজিক যোগাযোগমাধ্যমে একটা ভিডিও শেয়ার করেন। ভিডিওটি ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয়ের নজরে আসে। গুণী এই শিল্পীর দুরবস্থার কথা জানতে পেরে তিনি কাঙ্গালিনী সুফিয়াকে ব্যক্তিগতভাবে সহযোগিতা করার ইচ্ছা পোষণ করেন। যোগাযোগ করেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে।
ছাত্রলীগ সভাপতি জয়ের নির্দেশে শনিবার (১ মে) বিকেলে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক নেতা-কর্মীদের নিয়ে কুষ্টিয়াস্থ এই শিল্পীর বাড়িতে যান। এ সময় আল-নাহিয়ান খান জয়ের ব্যক্তিগত পক্ষ থেকে প্রদান করা সহযোগিতা পৌঁছে দেন অসুস্থ শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার হাতে।
নগদ ১০ হাজার টাকা ছাড়াও সহায়তার মধ্যে ছিল ৫০ কেজির এক বস্তা মিনিকেট চাল, ২০ কেজি আটা, ডাল, সেমাই, চিনি, সয়াবিন তেল, নারিকেল তেল, সাবান, আলু, পেঁয়াজ, লবণ, ডিটারজেন্ট পাউডার, দুধসহ অন্যান্য সামগ্রী।