পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিপর্যয়ের কারণ জানতে চেয়েছেন দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির অন্যতম নেতা কৈলাস বিজয়বর্গীয়।
রোববার সাংবাদিকদের কৈলাস বিজয়বর্গীয় বলেন, ভোটের ফল এমন হলো কী করে, তা জানতে চেয়েছেন অমিত শাহ। কার্যত ভোট গণনাপর্বের মধ্যেই কৈলাস মেনে নিয়েছেন বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবি হয়েছে।
পাশাপাশি, টালিগঞ্জে বাবুল সুপ্রিয় এবং চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়ের পিছিয়ে থাকার ঘটনাকে ‘আশ্চর্যজনক’ বলে উল্লেখ করেছেন কৈলাস। তিনি জানান, ভোটের পূর্ণাঙ্গ ফল পাওয়ার পর বিজেপি নেতৃত্বে এগুলো পর্যালোচনা করা হবে।
ভোটের সর্বশেষ ফলাফলে দেখা গেছে, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ টি আসনের মধ্যে ২০৭ টিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপি জয় পেয়েছে ৮৪ টি আসনে। অর্থাৎ, একশ আসনেও জয়ী হতে পারেনি বিজেপি। এমনকি নির্বাচনকে ঘিরে যারা তৃণমূল ও অন্যান্য দল থেকে বিজেপিতে গিয়েছিলেন, তাদের অধিকাংশই জিততে পারেননি।
এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যকে আলাদা গুরত্ব দিয়েছিল বিজেপি। মরিয়া হয়ে চেষ্টা করেছিল বিধানসভা নিজেদের দখলে আনতে। দলের কেন্দ্রীয় নেতা অমিত শাহ ভোটের আগে পরে একাধিক বার স্লোগান দিয়েছেন, ‘২০১৯ মে হাফ, ২০২১ মে সাফ’।
সূত্র: আনন্দবাজার পত্রিকা