বিশ্বের প্রায় সব হিমবাহ গলে যাচ্ছে। আরও আশঙ্কার কথা হচ্ছে অন্য যেকোনও সময়ের তুলনায় দ্রুতগতিতে গলছে সব হিমবাহ। এতে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। আর হুমকির মুখে পড়তে চলেছে বিশ্বের সমূদ্র উপকূলবর্তী শহর এবং এর বাসিন্দারা। সম্প্রতি বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচারে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ এবং বরফের স্তরগুলো গলে যাচ্ছে। এবার নতুন এক গবেষণায় এর ‘আশঙ্কাজনক চিত্র’ সামনে আনলেন বিজ্ঞানীরা। গবেষণাটি বলছে, গেল ১০ বছরে বিশ্বের প্রায় ২ লাখ ২০ হাজার হিমবাহের বরফ গলে গেছে। যা প্রতিবছর শুন্য দশমিক ৭৪ মিলিমিটার উচ্চতা বাড়াচ্ছে সমুদ্রের পানির।
মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার টেরা কৃত্রিম উপগ্রহের ছবি বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে বিশ্বের হিমবাহগুলো গড়ে প্রতিবছর ২৬৭ বিলিয়ন টন বরফ হারিয়েছে। এতে সমূদ্রের পানির যে উচ্চতা বেড়েছে তা প্রতিবছর সুইজারল্যান্ডকে ৬ মিটার পানির নিচে ডুবিয়ে ফেলতে পারে।
যুক্তরাজ্যের আলস্টার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী রবার্ট ম্যাকন্যাব বলেন, এই গবেষণার মাধ্যমে বরফ গলার পরিমাণ নিয়ে বোঝাপড়ার ঘাটতি দুর হবে।
গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়, হিমবাহ গলছে সবচেয়ে বেশি আলাস্কা, পশ্চিম কানাডা ও যুক্তরাষ্ট্রে। এই হার বেড়েছে নিউজিল্যান্ডেও। এছাড়াও পামির পর্বত, হিন্দুকুশ ও হিমালয়ের হিমবাহগুলো দ্রুত গলছে বলে জানিয়েছেন গবেষকরা।
নতুন এই গবেষণায়, হিমবাহ গলার কারণ নিয়ে কিছু না বলা না হলেও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকেই দায়ী করেছেন গবেষকরা।