নেত্রকোনার মদনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে মাসুদ (৩৫) নামে একজন নিহত হয়েছে। আজ রবিবার (৭ মার্চ) ভোর রাতে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মাসুদ মিয়া উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরী গ্রামের ইজ্জত আলীর ছেলে।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার বাঁশরী গ্রামের তানভীরের নিকট মাসুদ মিয়ার সাড়ে ৬ হাজার টাকা পাওনা ছিল। শনিবার সন্ধ্যার পর তানভীরের নিকট পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তানভীর উত্তেজিত হয়ে সাথে থাকা রোমানসহ মাসুদ মিয়াকে মুখে ও শরীরের বিভিন্ন অংশে কিল ঘুষি মারতে থাকে।
এতে মাসুদ মিয়া মাটিতে পড়ে যায় এবং গুরুতর আহত। পরে তাকে স্থানীয়রা রাতেই মদন উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হলে আজ ভোর রাত ৫টার দিকে চিতিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মামলা প্রক্রিয়াধীন।