চট্টগ্রামের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে দিদারুল আলম (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ভবনের তিন তলায় প্লাস্টারের কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
আজ শুক্রবার (৭ মে) সকাল ৮টার দিকে কাট্টলী গার্লস স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিদারুল আলম মিরসরাই থানাধীন আমবারিয়া এলাকার বাসিন্দা।
নিহতের সহকর্মী রাজিব জানায়, প্লাস্টারের জন্য বস্তা বিছানোর সময় তিন তলা থেকে নিচে পড়ে যান দিদারুল। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, ‘উত্তর কাট্টলীর একটি নির্মাণাধীন ভবনের তিন তলা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এক নির্মাণ শ্রমিক। সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তার সহকর্মীরা। হাসপাতালে আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’