করোনার ভ্যাকসিনের সংকট কাটাতে চীন ও রাশিয়ার সঙ্গে শিগগিরই চুক্তি হবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
করোনার ভ্যাকসিন আনতে জোর চেষ্টা চালানো হচ্ছে। আমরা চীন ও রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি। আশা করি খুব তাড়াতাড়ি আমরা ভ্যাকসিন পেয়ে যাব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (৭ই মে) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে করোনায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় মন্ত্রী আরও বলেন, ‘ঈদকে সামনে রেখে ফেরিঘাটগুলোতে মানুষের প্রচণ্ড ভিড় লক্ষ করা যাচ্ছে। মানুষ গাদাগাদি করে ফেরিতে নদী পার হচ্ছে। এতে, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে। এভাবে ভ্রমণ করলে করোনাভাইরাস ছড়াতে বেশি সময় লাগবেনা।’
বেশি সংক্রমিত হলে হাসপাতালে জায়গা থাকবে না, অক্সিজেন থাকবেনা। এতে যে কি সমস্যা হবে তা বলে বোঝানো যাবেনা বলেও জনসাধারণকে সতর্ক করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সদর ও সাটুরিয়া উপজেলার দুই হাজার দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবন ও চিনি বিতরণ করা হয়।