মাদারীপুরের শিবচরে সড়ক পার হওয়ার সময় ভ্যানের চাকায় পিষ্ট হয়ে জোনায়েদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিরাজ হোসেন ঘটনার সততা নিশ্চিত করেছেন।
শুক্রবার (০৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের চৈতা মোল্লার কান্দি গ্রামে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোনায়েদ ওই এলাকার ইউনুস বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে জোনায়েদের বাড়ির সামনে মসজিদে মুসল্লিরা ইফতার করছিলেন। এসময় জোনায়েদ ইফতারি খাওয়ার উদ্দেশে বাড়ির সামনের রাস্তা পার হয়ে মসজিদে যাচ্ছিল। হঠাৎ মাদবরেরচর হাটের দিক থেকে আসা দ্রুতগতির একটি ভ্যান জোনায়েদের ওপর দিয়ে চাপা দিলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় ঘাতক ভ্যানটির চালক সন্নাসীর চর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি গ্রামের আবু বক্করকে আটক করে এলাকাবাসী। পরে শিবচর থানার পুলিশের উপপরিদর্শক রাম প্রসাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।