হোটেল রজনীগন্ধায় বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। স্বজনদের নিতে বেনাপোল এসে পৌঁছেছেন তাদের নিকট আত্মীয়রা। এক নাগাড়ে ১৪ দিনের হোটেল বাসে ক্লান্ত, শ্রান্ত ভারত ফেরত পাসপোর্ট যাত্রীরা। মুক্ত বাতাসে বের হবার জন্য চাতক পাখির মত আকুতি চোখে মুখে। আজ ঘরে ফিরবেন ৬ পাসপোর্ট যাত্রী। মঙ্গলবার শেষ হচ্ছে তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, আগামী বুধবার নিজ বাড়িতে ফিরবেন প্রায় দেড়শ জন। আগামী ১৪ দিন এভাবে কোয়ারেন্টাইনে থাকা প্রায় ২৬শ জন পালাক্রমে ঘরে ফিরবেন।
এদিকে গতকালও নতুন করে দেশে ফিরেছেন আরো ৩৯ জন যাত্রী। যাদের অধিকাংশই বিভিন্ন জটিল রোগে আক্রান্ত এবং অপারেশনের রোগী। উপজেলা স্বাস্থ্য বিভাগের হিসাব মতে, গত ১৪ দিনে বাংলাদেশে এসেছে ২ হাজার ৬ শত ১৩ জন।
ভারত ফেরত এসব যাত্রীদের বেনাপোল এবং যশোরের ২৯টি আবাসিক হোটেল ছাড়াও ঝিকরগাছার গাজীরদরগা মাদ্রাসা এবং নড়াইল জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে ৫ তারিখের পর থেকে খুলনার বিভিন্ন হোটেলে রাখা হয়। ভারতে আটকে পড়া এসব যাত্রীদের অধিকাংশ চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছিলেন।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, আগত যাত্রীদের সার্বিক দেখাশোনার জন্য চেকপোষ্টের আন্তর্জাতিক টার্মিনালে মনিটরিং সেল বসানো হয়েছে।
হোটেল এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা যাত্রীদের নিরাপত্তার জন্য নেয়া হয়েছে পযার্প্ত ব্যবস্থা। যাত্রীরা এখান থেকে যাতে পালাতে না পারেন সেজন্য তাদের পাসপোর্ট ইমিগ্রেশনে জমা রাখা হচ্ছে। মেয়াদ শেষে সংশ্লিষ্ট যাত্রীদের পাসপোর্ট ফেরত দেয়া হবে বলে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান।