শেষ ম্যাচে চেলসির কাছে ঘরের মাঠে হেরেছে ম্যানচেস্টার সিটি। তাই ইংলিশ প্রিমিয়ার লিগে সিটির লিগ শিরোপা উৎসবের উপলক্ষ হতে পারতো অ্যাস্টন ভিলার কাছে ম্যানচেষ্টার ইউনাইটেডের হার। তবে সে আশায় গুড়েবালি। ভিলাকে ৩-১ গোলে হারিয়ে পেপ গার্দিওলার অপেক্ষাটা আরেকটু দীর্ঘায়িত করলেন ওলে গানার সোলশায়ার।
তবে প্রেক্ষাপটটা ভিন্ন ছিলো। ঘরের মাঠে শুরুতেই ম্যান ইউকে পেছনে ফেলে অ্যাস্টন ভিলা। বারট্রেন্ড ট্রাওরের প্রথমার্ধের গোল নিশ্চয়ই হাসি ফুটিয়েছিলো সিটিজেনদের মুখে।
কিন্তু দ্বিতীয়ার্ধে স্বরূপে ফেরে রেড ডেভিলরা। পেনাল্টি থেকে দেয়া গোলে দলকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেস। ২০০৯-১০ মৌসুমে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের পর প্রথম মিডফিল্ডার হিসেবে ২৭ গোলের দেখা পেলেন এ পর্তুগীজ।
এছাড়া দলের বড় জয়ে ভূমিকা রাখেন মেসন গ্রিনউড, অ্যাডিনসন কাভানিরা। মৌসুমে রেকর্ড দশ ম্যাচের শুরুতে গোল হজম করেও জয়ের দেখা পেয়েছে সোলশায়ারের শীষ্যরা। সঙ্গে নিশ্চিত হলো আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের স্পট।